অ্যাশেজের ঠিক আগে টেস্ট ক্রিকেটের অন্যতম নবাগত আয়ারল্যান্ডের সঙ্গে পারফরম্যান্সে সমালোচনার মুখে পড়তে হয়েছে ওয়ানডেতে সদ্য বিশ্বকাপজয়ী ইংল্যান্ডকে। টেস্টের প্রথম দুই ঘণ্টাতেই ৮৫ রানে অল আউট তারা। তারপরও আইরিশদের হাত থেকে পরাজয়ের বিব্রতকর অবস্থা পড়ার হাত থেকে বেঁচে গেছে তারা।
কোচ ট্রেভর বেইলিস তাই শিষ্যদের কড়া কথা শুনিয়েছেন। বিবিসি রেডিওকে তিনি বলেছেন, ‘শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারায় কঠিন কথাগুলো বলা গেছে। নাইটওয়াচম্যান জ্যাক লিচ যে উদাহরণ দেখিয়েছে, তা থেকে অনেক ব্যাটসম্যানের শেখার আছে। সে কী করতে চেয়েছে তা সে জানত।’ আরও বলেছেন, ‘অনেক কিছু নিয়েই কথা হয়েছে আমাদের। আমি বলেছি, যে পরিস্থিতিতেই পড় না কেন, তোমার একটা প্ল্যান থাকতে হবে। আজেবাজে কিছু করলে হবে না।’
রবিবার ঐচ্ছিক ট্রেনিং ছিল ইংলিশ ক্রিকেটারদের। টেস্ট দলে প্রথম ডাক পাওয়া জোফরা আর্চারের ফিটনেস সম্পর্কে ধারণা নেওয়া হয়েছে। বিশ্বকাপে সাইড স্ট্রেইন নিয়েই খেলেছেন এই বার্বাডিয়ান। বেইলিস বলছিলেন, ‘তাকে অহেতুক ঝুঁকিতে ফেলতে চাই না। সাসেক্সের হয়ে টি-টুয়েন্টি খেলে এসেছে সে। কিন্তু টেস্ট ক্রিকেট লম্বা সময়ের খেলা। পার্থক্যটা বেশ। ওর সম্পর্কে মেডিকেল স্টাফদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেব।’
ইংল্যান্ড কোচ ইঙ্গিত দিয়েছেন, প্রথম টেস্টেই দলে নেওয়া হচ্ছে না আর্চারকে, ‘নিয়ে নিলাম আর ইনজুরিতে পড়ল। দেখা গেল পরে খেলতেই পারল না। আমাদের পাঁচ টেস্ট খেলার মতো ভালো বোলার আছে।’