নিজেদের দোষেই হেরেছি: তামিম

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা এক ম্যাচ হাতে থাকতেই হারল বাংলাদেশ। দুই ম্যাচেই বড় ব্যবধানে হার। এমন বাজে পারফরম্যান্সের জন্য সিরিজের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল কোনো অজুহাত দাঁড় করালেন না। স্বীকার করে নিলেন নিজেদের দায়।

এমনকি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এভাবে বললেন, দুই ম্যাচেই খেলায় ফেরার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু নিজেরাই কঠোর পরিশ্রম করতে পারেননি বলে এমন পরিণতি।

রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। এর আগে প্রথম ওয়ানডে ম্যাচটা হেরেছিল ৯১ রানে। এদিন টস জিতে আগে ব্যাট করে ব্যাটসম্যানরা ছিলেন পুরোপুরি ব্যর্থ। তবু মুশফিকুর রহিমের অপরাজিত ৯৮ রানে মোটামুটি একটা পুঁজি গড়ে টাইগাররা।

তবে ২৩৮ রানের পুঁজিটা যে যথেষ্ট ছিল না স্বীকার করে নিলেন তামিম, ‘আমরা গুরুত্বপূর্ণ টসটা জিতেছিলাম। আমরা জানতাম পরের দিকে উইকেটে স্পিন ধরবে। এই কারণেই আমরা একজন স্পিনার একাদশে যোগ করি।’

‘আমি টসের পর বলেছিলাম শুরুটা ভালো করা খুব জরুরি। কিন্তু দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেলায় মোটেও লাভ হয়নি (টস জেতা)। ৩০০ রানের উইকেট এটা বলব না, তবে অন্তত ২৬০ রান ভালো পুঁজি হতো।’

তামিম বাজে বোলিংকেও দায় দিলেন, ‘যেভাবে আমরা আজ বোলিং করেছি, তাতে ৩০০ রান হলেও যথেষ্ট হতো কিনা আমি সন্দিহান। দুই ম্যাচেই আমাদের সুযোগ ছিল। কিন্তু আমরাই নিজেদের লাইনে ফেরানোর জন্য কঠোর পরিশ্রম করতে রাজি নই।’