নিষেধাজ্ঞা অমান্য করে হংকংয়ের রাস্তায় বিক্ষোভকারীরা

পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করে হংকংয়ের গণতন্ত্রপন্থিরা রাস্তায় নেমে শহরটির গুরুত্বপূর্ণ সব সড়ক আটকে বিক্ষোভ করছে বলে জানিয়েছে সিএনএন। গতকাল রবিবার বিক্ষোভকারীদের ছাতা হাতে কালো পোশাক পরিহিত এ আন্দোলনকারীদের পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

এ সময় বিক্ষোভকারীরা শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠান অধ্যুষিত এলাকার দিকে অগ্রসর হয়। হংকংয়ের পুলিশ সরকারবিরোধী এ আন্দোলনকারীদের চ্যাটার গার্ডেনে সমাবেশের অনুমতি দিলেও পার্কের বাইরে বিক্ষোভের ক্ষেত্রে সতর্ক করেছিল। বিক্ষোভকারীদের অনেকের হাতে যুক্তরাষ্ট্রের পতাকাও দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত শনিবার শহরের উত্তরে ইউয়েন লংয়ে গণতন্ত্রপন্থিদের অন্য এক বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছিল। টানা সাত সপ্তাহ ধরে চীনের আধা স্বায়ত্তশাসিত এ অঞ্চলটিতে সরকারবিরোধী গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ চলছে। বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে পরিচিত হলেও হংকংয়ে সাম্প্রতিক সময়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফায় সংঘর্ষ হতে দেখা যায়।

২২ বছর বয়সী বিক্ষোভকারী মার্কাস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হংকংয়ের ভবিষ্যতের জন্য তরুণরা যেভাবে তাদের জীবন উৎসর্গ করছে তা দেখে আমি সত্যিই দ্বন্দ্বের মধ্যে আছি।’