রাজধানীর মিরপুরে রূপনগরের একটি বাসা থেকে জঙ্গি সন্দেহে একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের পর সেখানে যাতায়াতকারী অন্যদের ব্যাপারে অনুসন্ধান করছে পুলিশ। একইসঙ্গে ওই ৫ জনকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রূপনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গ্রেপ্তার এই পাঁচজনের সঙ্গে যারা নিয়মিত যোগাযোগ রেখেছেন তাদেরও আমরা খুঁজছি।’
মামলার তদন্ত কর্মকর্তা ও রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মোকাম্মেল হোসেন দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। আলামত হিসেবে জিহাদি বই-পুস্তক, আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ও বিস্ফোরিত ককটেলের ধ্বংসাবশেষ জব্দ দেখানো হয়েছে। তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের কোন পর্যায়ের নেতাকর্মী ছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া ওই বাসায় যারা নিয়মিত যাতায়াত করতেন তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের প্রয়োজনে তাদেরও গ্রেপ্তার করা হতে পারে।’
গত শুক্রবার রাত দেড়টার দিকে রূপনগরের ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।