পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব হারাচ্ছেন সরফরাজ

গুঞ্জনটা শোনা যাচ্ছিল বিশ্বকাপের পর পরই। নেতৃত্ব হারাতে পারেন সরফরাজ আহমেদ। শোনা যাচ্ছিল যে পিসিবিকে লাল ও সাদা বলের ক্রিকেটে আলাদা আলাদা ক্যাপ্টেন ও হেড কোচ নিয়োগের পরামর্শ দিয়েছেন ক্রিকেট কমিটির সদস্য ওয়াসিম আকরাম। পাকিস্তান সংবাদমাধ্যমে খবর, আকরামের পরামর্শ মতোই টেস্টে দলের নেতৃত্ব হারাতে চলেছেন সরফরাজ।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের খবর, সরফরাজকে টেস্ট অধিনায়কের পদ থেকে ছেঁটে ফেলতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ২ অগাস্ট লাহোরে ক্রিকেট কমিটির বৈঠকেই সিলমোহর পড়তে পারে সরফরাজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে। এও উল্লেখ করা হয় যে, সরফরাজের পরিবর্তে শান মাসুদকে নিযুক্ত করা হতে পারে পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়কের পদে।

মূলত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভেবেই টেস্ট ক্রিকেটকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে পিসিবি। অন্যদিকে আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। সেদিক থেকে সীমিত ওভারের ফরম্যাটকেও অবহেলা করতে রাজি নয় পাক ক্রিকেট বোর্ড। সরফরাজের নেতৃত্ব পাকিস্তান দল ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে তুলনায় ভালো ফল করলেও টেস্টে পুরোপুরি ব্যর্থ। সরফরাজ মোট ১৩টি টেস্টে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন। মাত্র ৪টি ম্যাচ জিতেছে পাকিস্তান। হেরেছে ৮টি টেস্টে। একটি ম্যাচ ড্র হয়েছে। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান এই মুহূর্তে ৭ নম্বরে রয়েছে।