মেসি পরবর্তী সময় নিয়ে ভাবতে শুরু করেছে বার্সা

গত মাসে ৩২ বছর বয়সে পা দিয়েছেন বার্সেলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি। তারকা এই ফরোয়ার্ডকে আজীবনের জন্যই ধরে রাখতে চাইছে কাতালান ক্লাবটি। কিন্তু ফুটবল তো শক্তির খেলা। মন চাইলেও বয়সের কারণে হয়তো আর বেশি বছর খেলতে পারবেন না মেসি। তাই পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের পরবর্তী সময় নিয়ে এখন থেকেই বার্সেলোনা ভাবতে শুরু করেছে বলে জানিয়েছেন ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

ক্লাব ফুটবলে সর্বকালের সেরা ফুটবলারদের একজন মেসি। বার্সেলোনার হয়ে সব শিরোপাই জিতেছেন একাধিকবার করে। সেই ২০০১ সাল থেকে আছেন ক্লাবটিতে। আর কোথাও যাননি। বার্সেলোনার হয়ে প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন মেসি।

বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় খেলেছেন ৬৮৭টি ম্যাচ, করেছেন ৬০৩টি গোল! এর মধ্যে লা লিগা শিরোপা জিতেছেন দশবার। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন চারবার। কোপা দেল রে জিতেছেন ছয়বার।

বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত। এর আগেই তার সঙ্গে নতুন চুক্তি করা নিয়ে ভাবতে শুরু করেছে লা লিগা চ্যাম্পিয়নরা। ক্লাবটি যাচ্ছে, অবসরে যাওয়ার আগ পর্যন্ত তাদের তাঁবুতেই থাকুক মেসি। সেই সঙ্গে মেসিহীন সময় নিয়েও বার্সেলোনা এখন থেকেই ভাবছে বলে জানিয়েছেন ক্লাব প্রধান বার্তোমেউ- “আমরা মনে করি, মেসি পরবর্তী সময়ে কাজ করা আমাদের দায়িত্ব।”

“আমরা মেসি-উত্তর সময় নিয়ে চিন্তা করছি। কেননা আমরা নতুন নতুন খেলোয়াড়দের টানছি... মেসি যখন ফুটবল থেকে বিদায় নেবে তখন, পরিবর্তনের সময়টা নিয়ে আমাদের ভাবতে হবে। তবে বার্সেলোনা সভাপতি হিসেবে, আমি মনে করি, তার এখনো আমাদের সঙ্গে খেলা চালিয়ে যাওয়ার অনেক বছর সময় আছে।”