জয় শ্রীরাম না বলায় কিশোরের গায়ে আগুন

জয় শ্রীরাম না বলায় এক মুসলিম কিশোরের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কট্টরপন্থী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে চান্দাউলি জেলায় এ ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে ঘটনাটি আড়াল করা হচ্ছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আক্রান্ত কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের ৬০ শতাংশই পুড়ে গিয়েছে।

১৬ বছর বয়সী এই কিশোরের অভিযোগ, তাকে জয় শ্রী রাম বলতে জোর করা হয়েছিল। তা না-বলায় তাকে প্রথমে বেধড়ক মারধর করা হয়। তারপর তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তবে পুলিশ সুপার সন্তোষ কুমার সিং দাবি করেছেন, ছেলেটির অভিযোগ মিথ্যে। একেক সময়ে একেক কথা বলছে। মূলত সে নিজেই তার গায়ে আগুন লাগিয়েছে।