বেয়ার গ্রিলসের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানের শুটিংয়ের জন্য আবার নরেন্দ্র মোদিকে একহাত নিলেন কংগ্রেস নেতারা। তাদের অভিযোগ, দেশের মহাবিপদের কথা শুনেও ‘শান্তিতে’ শুটিং করে যাচ্ছিলেন দেশের প্রধানমন্ত্রী।
কংগ্রেস মুখপাত্র শ্যামা মোহামেদ বলছেন, ‘যখন পুলওয়ামায় ৪৯ জন সেনা প্রাণ হারান, তখন প্রধানমন্ত্রী মোদি শুটিংয়ে ছিলেন। তিনি শান্তিমতো উপভোগ করছিলেন। দেশের বিপদের কথা শুনেও ট্রেলারে তাকে হাসতে দেখা গেছে!’
এর আগে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজওয়ালা সাংবাদিকদের বলেন, ‘‘আমরা যখন সেনাদের লাশ গোনায় ব্যস্ত ছিলাম, তখন তিনি জিম কোরবেট ন্যাশনাল পার্কে শুটিং করছিলেন। এত জন সেনা নিহত হওয়ার খবর শোনার পরও তার ‘প্রোপাগান্ডা অ্যান্ড পাবলিসিটি’র শুটিং বন্ধ করেননি।’’
১৪ ফেব্রুয়ারি বিকেলে পুলওয়ামায় ভারতের সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলায় নিহত হন ৪৯ জন সেনা। হামলার জন্য ভারত শুরু থেকে পাকিস্তানকে দায়ী করছে।