অবশেষে রোহিতের বিষয়ে মুখ খুললেন কোহলি

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে শেষ সংবাদ সম্মেলনে বিষয়টি উঠতেই রীতিমতো তেলেবেগুনে জ্বলে উঠলেন বিরাট কোহলি। ক্ষোভের সঙ্গে বললেন, রোহিত শর্মা এবং তার নামে যে খবর চাউর হয়েছে তার কোনো ভিত্তি নেই।

‘এটা রীতিমতো বিভ্রান্তিকর। পুরো বিষয়টি নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আমরা ওভারলুক করে যাচ্ছি,’ মন্তব্য করে কোহলি বলছেন, ‘সবাইকে মিথ্যা গেলানো হচ্ছে।’

বিশ্বকাপের পর ক্রিকেট দুনিয়ায় বিরাটের সঙ্গে রোহিতের সম্পর্ক খারাপ হওয়ার খবর শোনা যায়। দুজনের স্ত্রীও নাকি একে-অপরের সঙ্গে কথা বলেন না। এর মধ্যে শোনা যায়, কোহলি এবং আনুশকাকে টুইটারে আনফলো করেছেন রোহিত!

কোহলি বলছেন, ‘অনেক দিন ধরে এসব শুনছি। ব্যক্তিগত কিছু বিষয় প্রকাশ্যে আনা হচ্ছে। এটা অসম্মানজনক। আমার আর রোহিতের মধ্যে কিছুই নেই।’

ভারতীয় মিডিয়ার দাবি, বিশ্বকাপে লিগের শেষ ম্যাচে রোহিতের স্ত্রী রীতিকা ও কোহলির স্ত্রী আনুশকা পরস্পরকে এড়িয়ে যান। এটি চোখে পড়ে সাংবাদিকদের।

এরপর বিশ্বকাপ শেষ হতেই শোনা যায়, এই দুই সিনিয়র ক্রিকেটারের বিরোধের কারণে দলের মানসিকতা দুর্বল হয়ে পড়ে। যার প্রভাব পড়েছে খেলায়।