প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনীতিতে গ্রুপিংয়ের কোনো স্থান নেই। নেতাদের নামে আলাদা-আলাদা গ্রুপ করা চলবে না। আওয়ামী লীগের একটিই গ্রুপ, সেটি হলো ‘শেখ হাসিনা গ্রুপ’। তিনি বলেন, গ্রুপিংয়ে রাজনীতিতে দল ক্ষতিগ্রস্ত হয়, হানাহানি বাড়ে। তাই গ্রুপিং বাদ দিয়ে দেশের উন্নয়নে যুবলীগ নেতাকর্মীদের অবদান রাখতে হবে। গতকাল সোমবার বিকালে সিলেট জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রায় ১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ।
সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান বলেন, এই সংগঠনে ধান্দাবাজ, চাঁদাবাজ ও হাইব্রিডদের স্থান নেই। মেধাবী ও দলের প্রতি নিবেদিতরাই যুবলীগে মূল্যায়ন পাবে। তিনি জানান, কাউন্সিলরদের ভোটের মাধ্যমেই সিলেট জেলা যুবলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মোহসিন কামরানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।