চলচ্চিত্র প্রযোজক-সমিতি

সভাপতি খসরু সম্পাদক শামসুল আলম

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে খোরশেদ আলম খসরু সভাপতি ও শামসুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৭ জুলাই নির্বাচনের পর গতকাল সোমবার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান ভিআইপি প্রোজেকশন হলে এ কমিটি গঠন করা হয়। ২৭ জুলাই দ্বিবার্ষিক নির্বাচনে (২০১৯-২১) ১৩০ জন ভোটাধিকার প্রয়োগ করে ১৯ জনকে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করেন। এরপর গতকাল নির্বাচিত ১৯ জনের ভোটে গঠিত হয় নতুন কমিটি। এই কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও মো. শহীদুল আলম সাচ্চু। এছাড়া সহসাধারণ সম্পাদক পদে মো. ইকবাল ও মো. আলিমুল্লাহ খোকন, কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান সিদ্দিকী মনির, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক পদে মোর্শেদ খান হিমেল এবং আন্তর্জাতিক সম্পাদক পদে ইলা জাহান নদী নির্বাচিত হয়েছেন।