মালিকের পর ভারতের জামাই হচ্ছেন এই পাকিস্তানি পেসার

দুই দেশের রাজনৈতিক বৈরিতা মাঝেই ২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। শোয়েব মালিকের পর এবার আরেক পাকিস্তানি ক্রিকেটার ভারতীয় মেয়ে বিয়ে করতে যাচ্ছেন। তিনি- হাসান আলি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাসান আলি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার নাম সামিয়া আরজু। হরিয়ানার মেয়ে সামিয়া বেসরকারি বিমান সংস্থায় কর্মরত। পড়াশোনা করেছেন ইংল্যান্ডে। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক তিনি।

তবে এখন মা–বাবার সঙ্গে থাকেন দুবাইয়ে। সেখানেই এক বন্ধুর মাধ্যমে সামিয়ার সঙ্গে পরিচয় হয় হাসান আলির। জানা গেছে দুজনের বিয়ে হবে ২০ আগস্ট দুবাইয়ে।

২৫ বছর বয়সী হাসান আলি পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৯টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে খেলেছেন। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের নায়ক ছিলেন তিনি। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিত বিশ্বকাপে বেশির ভাগ ম্যাচেই একাদশে সুযোগ মেলেনি তার।

শোয়েব এবং সানিয়া বিয়ে করেছিলেন ২০১০ সালের ১২ এপ্রিল। ২০১৮ সালের ৩০ অক্টোবর এই দম্পতির ঘর আলো করে এসেছে পুত্রসন্তান ইজহান মির্জা-মালিক।