পুলিশ কাবাডিতে ঢাকা রেঞ্জ চ্যাম্পিয়ন

আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেঞ্জ দল।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর পুলিশ লাইন্স কাবাডি মাঠে আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঢাকা রেঞ্জ ৩৫-৩১ পয়েন্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে ম্যাচ উপভোগ করেন। তিনি চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের সভাপতি মল্লিক ফখরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, কাবাডি খেলোয়াড় ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।