ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক

সংগীতশিল্পী ফিরোজা বেগম উপমহাদেশের এমনই একজন সংগীতজ্ঞ, যার পদাঙ্ক অনুসরণ করে নজরুল সংগীতে প্রতিভাবান নতুন শিল্পীদের আবির্ভাব ঘটেছে ও ঘটছে যুুগ যুগ ধরে। আমৃত্যু তিনি সংগীত সাধনায় মগ্ন ছিলেন। মহান এই শিল্পীকে স্মরণীয় করে রাখতে এসিআই ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয় ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড যা ২০১৬ সাল থেকে প্রতি বছর দেশবরেণ্য একজন শিল্পীকে স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার প্রদান করে আসছে। এই কণ্ঠশিল্পীর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ২০১৯’-এর আয়োজন। বর্ষ পরিক্রমায় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের চতুর্থ আয়োজন। দেশের কীর্তিমান শিল্পীদের সম্মান জানাতে ও দেশজ শুদ্ধ সংগীত চর্চার প্রতি নতুন প্রজন্মকে প্রণোদনা দিতে আমাদের এ প্রয়াস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যায়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উল্লেখ্য, সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে সাবিনা ইয়াসমিন, ২০১৭ সালে রেজওয়ানা চৌধুরী বন্যা, ২০১৮ সালে রুনা লায়লা ও প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের প্রথম স্থান অর্জনকারীকে এই সম্মাননায় ভূষিত করা হয়। ২০১৯ সালে বিশিষ্ট সংগীতশিল্পী ও গুণীজন ফরিদা পারভীনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।