অর্থনীতিবিদরা ধনী হতে পারেন না কেন?

অনেকেই মনে করেন, অর্থনীতির বড় বড় তত্ত্বের জনকরা অনেক বেশি সম্পদের মালিক হতে পারেন সহজেই। কিন্তু বাস্তবতা ভিন্ন।

বর্তমান সম্পদমূল্যে ১০ কোটি ডলারের সম্পদ ছিল মাত্র একজন অর্থনীতিবিদের। তিনি যুক্তরাজ্যের রাজনীতিবিদ-অর্থনীতিবিদ ও খাজনাতত্ত্বের জনক ডেভিড রিকার্ডো। তিনিই এ যাবৎকালের সবচেয়ে ধনী অর্থনীতিবিদ।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুযায়ী অর্থনীতির তাত্ত্বিক বিষয় নিয়ে কাজ করাদের মধ্যে খুব কমসংখ্যকই রিকার্ডোর মতো সম্পদশালী হতে পেরেছেন। রিকার্ডো শুরুতে শেয়ার ব্যবসা করে টাকা উপার্জন শুরু করেন। তিনি ব্রোকারের পরামর্শের বদলে নিজেই নিজের অ্যাকাউন্ট পরিচালনা করতেন বা শেয়ার কেনাবেচা করতেন। যেকোনো ঘটনার প্রভাব কোনো সুনির্দিষ্ট কোম্পানির শেয়ারের ওপর কতটা পড়বে তা খুবই দ্রুত বুঝতে পারতেন তিনি। রিকার্ডো অল্প অল্প মুনাফা হলেই শেয়ার বিক্রি করে দিতেন এবং ঘন ঘন শেয়ার কেনাবেচা করতেন। প্রায় প্রতিদিনই ২০০ থেকে ৩০০ পাউন্ড মুনাফা করতেন তিনি। রিকার্ডো তার এক বন্ধুকে বলেছিলেন, আমি কোম্পানিগুলোর অল্প অল্প শেয়ার কিনি, তাই আমি লোকসান করলেও আমার বড় দুঃখ থাকবে না।

১৮২৩ সালে রিকার্ডো যখন মারা যান, তখন তার থাকা সম্পদের বর্তমান বাজারমূল্য ছিল ১০ কোটি ডলার। তারচেয়ে বেশি সম্পদশালী বা বিশ্বের সুপার ধনীদের মধ্যে অর্থনীতিবিদদের জায়গা হচ্ছে না কেন? মনে হতে পারে যে, রিকার্ডো অর্থনীতিবিদ হিসেবে যা ভাবতেন, রাজনীতিবিদ হিসেবে তেমনটাই করতে পেরেছেন। কিন্তু তিনি রাজনীতিতে যোগ দেন জীবনের শেষ সময়ে এসে। রিকার্ডোর সম্পদশালী হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে তার প্রথম জীবনের পেশা। শুরুতে ব্রোকার ও স্পেকুলেটর হিসেবে কর্মজীবন শুরু করেন রিকার্ডো। শুরুতে তিনি ধনী হন, তারপর চিন্তা করেন যে এটা কীভাবে সম্ভব হলো।

অর্থনীতিবিদরা কেন বিত্তশালী হতে পারেন না, তার একটি ব্যাখ্যা রয়েছে ইনভেস্টোপেডিয়া পোস্টে। তাতে বলা হয়েছে, অর্থনীতির তাত্ত্বিকতার সঙ্গে

বাস্তবতার অনেক ফাঁরাক রয়েছে। তাদের পক্ষে হয়তো অনেক টাকা উপার্জন করা সম্ভব হতো, যদি মার্কেট তাদের মডেলের বিপরীতে পরিচালিত হতো।

এক্সপ্লোরিং ইকোনমিক্স গ্রন্থের ভূমিকায় রবার্ট সেক্সটনও একই কথা বলেছেন। তার ব্যাখ্যা হলোÑ ধনী হওয়ার উদ্দেশ্য নিয়ে অর্থনীতিতে পড়লে আপনাকে হতাশ হতে হবে। যদিও বেশিরভাগ অর্থনীতিবিদ ভালোভাবে সংসার চালান, অল্প কিছু তাদের অর্থনৈতিক জ্ঞান দিয়ে ধনী হতে পারেন। প্রকৃতপক্ষে টাকা কামানোর জন্য অর্থনীতিবিদদের কাছে গোপন কোনো সূত্র থাকলে তারা নিজেদের আর্থিকভাবে লাভবান করার জন্য পুঁজিবাজারে সে সূত্র প্রয়োগ করতেন। সংক্ষেপে বলা যায়, অর্থনীতিবিদরা কাউকে ধনী করার জন্য কিছুই করতে পারেন না। তারা এমন কিছু করবেন, যা অন্যকে আরও বেশি গরিব হওয়ার পথে নামাবে।