জমি নিয়ে বিরোধের জের ধরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করেছেন।
আহতদের মধ্যে রয়েছেন দোহারো গ্রামের তোফাজ্জেল হোসেন (৫৫), শহিদুল ইসলাম (৪৫), আবদুর রশিদ (৩০), আশরাফুল ইসলাম (৩৫), শরিফুল ইসলাম (৩৬), নিজাম উদ্দীন (৫০), মুক্তার হোসেন (৪৫), মনায়েম হোসেন (৪০) ও আব্দুর রাজ্জাক (২৮)।
জানা যায়, সকালে স্থানীয় আ.লীগ নেতা ইউপি সদস্য মোশারফ হোসেনের সমর্থক ফজন সরদারের জমির সামনে সরকারি রাস্তার ওপর টং দোকান ঘর তৈরি করেন সাবেক চেয়ারম্যান বোরাক আলীর সমর্থক আবু বকর। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা ঢাল, সরকি, রামদা, হাঁসুয়াসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।