হাইকোর্টের আদেশ স্থগিত

‘প্রাণ’ ও ‘ফার্মফ্রেশ’র দুধ উৎপাদন বিপণনে বাধা কাটল

‘মিল্কভিটা’র পর এবার প্রাণ ডেইরি লিমিটেডের ‘প্রাণ মিল্ক’ ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘ফার্মফ্রেশ মিল্ক’র উৎপাদন, বিপণন ও বিক্রির ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ওই দুই ব্র্যান্ডের কোম্পানির করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান এ আদেশ দেন।

এর ফলে প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশ মিল্ক বিক্রিতে কোনো বাধা থাকছে না বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে প্রাণ ও ফার্মফ্রেশের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত সোমবার বাংলাদেশ মিল্ক প্রডিউসার কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) পাস্তুরিত তরল দুধের উৎপাদন, বিপণন ও বিক্রির ওপর হাইকোর্টের দেওয়া পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞার আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছিল চেম্বার আদালত। এ ছাড়া গতকাল এই আদেশ স্থগিত চেয়ে বাকি ১১টি কোম্পানিও আবেদন করেছে আপিল বিভাগে। 

চারটি ল্যাবরেটরিতে পরীক্ষায় অ্যান্টিবায়োটিক ও সিসাসহ মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়ায় গত রবিবার (২৮ জুলাই) বিএসটিআইর সনদধারী ওই তিন কোম্পানির দুধসহ ১৪টি প্রতিষ্ঠানের পাস্তুরিত প্যাকেটজাত দুধের উৎপাদন, বাজারে তা বিপণন ও বিক্রির ওপর পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ। 

এর আগে হাইকোর্টের অন্য একটি বেঞ্চের আদেশের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য  কর্তৃপক্ষের উদ্যোগে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে করা দুধের পরীক্ষার  প্রতিবেদনে অ্যান্টিবায়োটিক ও সিসা পাওয়া যায়। এর প্রেক্ষিতে মিল্কভিটা, প্রাণ মিল্ক, আড়ং ডেইরি, ফার্মফ্রেশসহ ১০টি ব্র্যান্ডের প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত ২৪ জুলাই ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।