মেয়র আরিফুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলির বৈঠক

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ। গতকাল বিকেলে নগর ভবনে এ বৈঠক হয়।

রিভা গাঙ্গুলি বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান মেয়র আরিফুল হক। এরপর তারা বৈঠকে বসেন। বৈঠক শেষে মেয়র বলেন, ‘বৈঠকে ভারত সরকারের অর্থায়নে সিলেট নগরীতে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আমি ভারতীয় হাইকমিশনারকে সিলেট সিটি করপোরেশন এলাকায় ভারতীয় অর্থায়নে আরও কিছু প্রকল্প গ্রহণের কথা বলেছি। তিনি এ ব্যাপারে তার দেশের সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।’

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।