দেশের বেশিরভাগ এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে নেমে গেছে বানের পানি। এতদিন আশ্রয়কেন্দ্রে থাকা মানুষজন ফিরতে শুরু করেছে বাড়িতে। আবার অনেকে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও রাস্তাঘাটের বেহাল দশার কারণে ফিরতে পারছে না। ব্যাঘাত ঘটছে ত্রাণ সরবরাহেও। খাবার ও পানীয় জলের সংকট তীব্র হয়েছে আরও। দুই জেলার সীমান্তবর্তী এলাকায় দিনের পর দিন না খেয়ে থাকতে হচ্ছে অনেককে।
দেশ রূপান্তরের গাইবান্ধা, নীলফামারী ও জামালপুর প্রতিনিধির পাঠানো খবরে বিস্তারিত :
গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিপদসীমার নিচে রয়েছে সবগুলো নদ-নদীর পানি। বিভিন্ন এলাকা থেকে পানি নেমে গেছে। ফলে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। ভেঙে যাওয়া ঘর মেরামতের অর্থকষ্টে ভুগছে মানুষ। গাইবান্ধা থেকে সরাসরি বগুড়া ও ঢাকার রেল যোগাযোগ চালু হয়নি এখনো। বন্যায় রাস্তাঘাট ডুবে থাকায় কার্পেটিং (পিচ) উঠে ভোগান্তির শিকার হতে হচ্ছে মানুষদের। বিভিন্ন এলাকায় রাস্তা ও বাঁধ ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বানভাসি মানুষদের রয়েছে এখনো পর্যাপ্ত ত্রাণের অভাব ও গো-খাদ্যের সংকট। দেখা দিচ্ছে মানুষ ও গবাদিপশুর বিভিন্ন ধরনের রোগবালাই।
নীলফামারীতে তিস্তা নদীর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের। পরপর দুই দফার বন্যায় বসতবাড়ি হারিয়ে নদীর বাঁধে আশ্রয় নিয়েছে ডিমলা উপজেলার দুই ইউনিয়নের সাতটি পরিবার। অনেকের বাড়ি থেকে পাানি নেমে গেলেও বসতভিটায় কাদা জমে থাকায় ফিরতে পারছে না বাড়িতে। বিভিন্ন রাস্তাঘাট ভেঙে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সংকট রয়েছে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার।
জামালপুরে যমুনার পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। তবে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের। ১৮ দিনের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ৬৪৮ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক, প্রায় ৫৩ হাজার বাড়িঘর। দীর্ঘদিন বাড়িঘর, ফসলি জমি পানিতে তলিয়ে থাকায় দিশেহারা হয়ে পড়েছে দুর্গত এলাকার মানুষ। কাজ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। দুর্গত এলাকায় এখনো রয়েছে ত্রাণ সংকট। অনেক এলাকায় সরকারি ত্রাণ সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করছে দুর্গতরা। প্রশাসনের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অনেক এলাকায় দুর্গতরা এখন পর্যন্ত একদফা ত্রাণ সহায়তা পেলেও সেই ত্রাণ ফুরিয়ে গেছে কয়েক দিন আগেই।