চলতি বছরে এখন পর্যন্ত মার্কিন বাহিনী এবং আফগান সেনাদের হাতেই সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে
বিবিসি জানায়, ২০১৯ সালে প্রথম ছয় মাসে তালেবান হামলায় যতজন বেসামরিক লোক নিহত হয়েছে তার চেয়ে বেশি মৃত্যু হয়েছে আফগান-মার্কিন বাহিনীর হামলায়।
জাতিসংঘ প্রতিবেদনে দেখা গেছে, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত তালেবান ঘাঁটিকে লক্ষ্য করে অতীতের চেয়ে বেশি বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
আফগান এবং মার্কিন বাহিনীর হামলায় এ ছয় মাসে নিহত হয়েছে ৭১৭ জন বেসামরিক লোক। তার বিপরীতে তালেবান হামলায় মারা গিয়েছে ৫৩১ জন।
শুধু আলাদা করে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে ৩৬৩ জন বেসামরিক আফগান নাগরিক, যার মধ্যে শিশু রয়েছে ৮৯ জন।
তবে আফগানিস্তানে জাতিসংঘ মিশনের (উনামা) এই প্রতিবেদন নাকচ করে দিয়েছে মার্কিন সেনা কর্তৃপক্ষ।