মান বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজে আগের দুই ম্যাচে হেরে এরই মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শ্রীলঙ্কার কাছে খুইয়ে বসেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়িয়ে সান্ত্বনার জয় পেতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামতে যাচ্ছে তামিম ইকবালের দল।

একই ভেন্যুতে লঙ্কানদের কাছে প্রথম ওয়ানডেতে ৯১ রানে এবং দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হারে বাংলাদেশ। টানা দুই হারে হয় সিরিজ হাতছাড়া। শেষ ম্যাচটিতেও হারলে ওয়ানডেতে পঞ্চমবারের মতো শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ।

দুই ম্যাচেই ব্যর্থ বাংলাদেশের উদ্বোধনী জুটি। সৌম্য সরকার, তামিম ইকবাল ও মোহাম্মাদ মিঠুনদের ব্যর্থতায় চাপ এসে পড়ছে মিডল অর্ডারে। সেখানে মুশফিকুর রহীম ছাড়া নিজেদের মেলে ধরতে পারছেন না অন্যরা। একই অবস্থা বোলিং ও ফিল্ডিংয়েও।

ব্যর্থতার বৃত্ত ভেঙ্গে নিজেদের প্রমাণে মরিয়া বাংলাদেশ দল। শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় টাইগাররা। তবে আজকের ম্যাচটি জিততে হলে ফর্মে ফিরতে হবে তামিমকে। শেষ ম্যাচে তামিম জ্বলে উঠলে লড়াইয়ের জ্বালানি পাবে বাংলাদেশ, নয়তো আগের দুই ম্যাচের মতোই ব্যাকগিয়ারে যাওয়া শুরু হবে শুরু থেকেই।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং-ফিল্ডিংয় তিন বিভাগেই বাংলাদেশকে দুর্দান্ত হতে হবে। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিতে হবে। যেমন মোস্তাফিজুর রহমান প্রতি ম্যাচেই উইকেট পাচ্ছেন। কিন্তু রান দিচ্ছেন বেহিসেবি। ফিজের রান নিয়ন্ত্রণ করে দুর্দান্ত বোলিং করতে হবে এবং বাকিদের প্রত্যেকেই গড়পড়তা বোলিং থেকে দূরে থাকতে হবে। নতুবা হোয়াইটওয়াশ এড়ানোর কোনো সুযোগ নেই টাইগারদের সামনে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, এনামুল হক, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিশকা ফের্নান্দো, কুসাল পেরেরা (উইকেটকিপার), কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, শেহান জয়াসুরিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।