সাজানো বাবা-মাসহ রোহিঙ্গা তরুণী আটক

বাংলাদেশি নাগরিকের জন্ম সনদ নিয়ে পাসপোর্ট করতে এসে ব্রাহ্মণবাড়িয়ায় মরিজান (১৭) নামে এক রোহিঙ্গা তারুণী তার সাজানো বাবা ও মাসহ আটক হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।

আটক বাকি দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামের মোখলেছুর রহমান (৫০) ও লিপা বেগম (৩৮)।

মরিজান কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। তিনি মিয়ানমারের আরাকান রাজ্যের জাকেরের মেয়ে। তবে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া জন্ম সনদে মরিজানের নাম মোছাম্মৎ তানজিনা আক্তার ও বাবার নাম মো. মোখলেছ মুন্সী।

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জামাল  হোসেন জানান, দুপুরে পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার কাছে আসেন ওই রোহিঙ্গা তরুণী। তার সঙ্গে কথা বলার সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি রোহিঙ্গা নাগরিক। পাসপোর্ট করার জন্য যাতে তারা সন্দেহ না করে সেজন্য সাজানো বাবা-মাকে সঙ্গে নিয়ে এসেছেন। পরে তাদের তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো.আতিকুর রহমান বলেন, আমরা যাচাই-বাছাই করছি। মেয়েটি রোহিঙ্গা হিসেবে প্রমাণিত হলে তার কাছে পাওয়া কয়েকটি কাগজপত্র যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।