মৌলভীবাজারের জুড়ী উপজেলার পুটিছড়া বিটে বাঁশ মহালে বন্য ভল্লুকের আক্রমনে আব্দুল খান (৩০) নামক এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ। তবে তার দুটি কান ও ঠোঁট পাওয়া যায়নি।
নিহতের পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার উত্তর বড় ডহর গ্রামের তৈয়ব খানের ছেলে কাঠুরে আব্দুল খান ৩১ জুলাই বুধবার পুটিছড়া বাঁশ মহালে যান। বিকেল গড়িয়ে রাত হলেও বাড়িতে ফিরেননি আব্দুল খান। পরিবারের লোকজন রাতেই বিষয়টি জুড়ী থানা পুলিশকে অবহিত করে এবং লাশের খোঁজে বনে তল্লাশি চালায়। রাতেই বনের মধ্যে লাশ খোঁজে পান পরিবারের লোকজন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির হোসেন সরদার জানান, বনবিভাগের লোকজন আব্দুল খানের মৃত্যু কালো ভাল্লুকের আক্রমণে হয়েছে বলে নিশ্চিত করেছে। মানুষের শরীরের নরম অংশ খায় কালো ভল্লুক। নিহতের ঠোঁট ও কান বন্যপ্রাণী খেয়ে ফেলেছে। বাঁশ মহালে কালো ভল্লুকের বিচরণ থাকতে পারে।
তিনি আরো জানান, লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।