বড়দের দুর্দশার মৌসুমে ইংল্যান্ডে যুবাদের ফাইনাল

ক্রিকেটে ঘোরতর দুসময় পার করছে বাংলাদেশ জাতীয় দল। ঠিক সেই সময় অনূর্ধ্ব-১৯ দল দিল সুখবর। ত্রিদেশীয় টুর্নামেন্টে তৃতীয়বারের মতো ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সবার আগে ফাইনালে পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নিজেদের ষষ্ঠ ম্যাচে ৭২ রানে জিতেছে বাংলাদেশ। ২২৪ রান করা সফরকারীরা ১৫২ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ডকে। বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন তানজিদ হোসেন।

এসেক্সে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে পারভেজ হোসেনকে হারালেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। মাহমুদুল হাসানের সঙ্গে শতরানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান তানজিদ।

৫ চারে ৪১ রান করে মাহমুদুল আউট হলে ভাঙে ১০৮ রানের জুটি। তৃতীয় উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে অর্ধশতরানের জুটি গড়েন তানজিদ।

১১৩ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১১৭ রান করেন এই ওপেনার।

এরপর মাত্র ২০ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। গুটিয়ে যায় ১৭ বল বাকি থাকতে।

৩৮ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার পেসার নিক কিম্বার।

বাংলাদেশের তিন পেসার তানজিম হাসান, শাহিন আলম ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ছোবলে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।

৪৩ বলে ৪০ রান করা জ্যাক হেইন্সকে বিদায় করেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। শেষ পর্যন্ত ১১ ওভার বাকি থাকতেই হয়ে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।

রাকিবুল ১৯ রানে নেন ৩ উইকেট। তানজিম ৩ উইকেট নেন ২৮ রানে। দুটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় ও শাহিন।

ছয় ম্যাচে চতুর্থ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা ভারতের বিপক্ষে তাদের একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে ইংল্যান্ড।

আগামী সোমবার নিজেদের সপ্তম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।