অপরিচিত তাই ছেলেধরা বলে বেঁধে রাখল গ্রামবাসী

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘ছেলেধরা’ সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে এই ঘটনা ঘটে।

যুবকের নাম নাজমুল ইসলাম (২৮)। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামে,  বাবার নাম আফরোজ মিয়া।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ছেলেধরা সন্দেহে গত রাতে নাজমুলকে আটক করেন এলাকাবাসী। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল যায়। তারা নাজমুলকে থানায় নিয়ে আসে।  নাজমুলসহ তিন বন্ধু যোগীবিল গ্রামে বেড়াতে গিয়েছিলেন। তারা গ্রামটিতে অপরিচিত ছিলেন। এ কারণে তাদের দেখে ছেলেধরা বলে সন্দেহ করে এলাকাবাসী। তারা তিন বন্ধুকে ধাওয়া দেন। দুজন পালিয়ে যান। একজনকে (নাজমুল) গ্রামবাসী ধরে ফেলেন। পরে তাকে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।

ওসি আরিফুর রহমান জানান, রাতেই নাজমুলের স্বজনেরা কমলগঞ্জ থানায় আসেন। পরে তাকে তারা নিয়ে যান।