সোনাগাজী

গরু চুরি করে গণধোলাই, অতঃপর নির্যাতনের অভিযোগ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম

ফেনীর সোনাগাজীতে গরু চুরির অভিযোগে স্থানীয় এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হয়েছেন জয়নাল আবদীন নামে গাড়ি চালক। বুধবার বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনায় আহত গাড়ি চালক অভিযোগ করেন, তাকে নির্যাতন করে বৈদ্যুতিক শক দিয়েছেন স্থানীয় যুবদল নেতা মহি উদ্দিন মহিন। তবে অভিযোগ অস্বীকার করেছে যুবদল নেতা। 

ঘটনার পর আত্মীয় স্বজনরা আহত গাড়ি চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত জয়নাল আবদীন বলেন, উপজেলার চরকৃঞ্চজয় যুবদল নেতা মহিন গরু চুরির অভিযোগ এনে আমাকে ধরে নিয়ে মারধর করে শরীরে বৈদ্যুতিক শক দিয়েছে। পরে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দ্রুত একলাখ টাকা দিতে বলেছে, অন্যথায় চুরির মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে। 

তবে অভিযোগের বিষয়ে স্থানীয় সুত্রে পাওয়া গেছে ভিন্ন তথ্য। স্থানীয় এলাকাবাসী জানিয়েছে গত সোমবার আহমদপুর গ্রামের দাগন বাড়ির আবুল কাশেমের একটি গরু চুরু হয়। গরুর মালিক ও এলাকাবাসী চুরির জন্য গুনাকাজি বাড়ির গাড়ি চালক জয়নাল আবেদিনকে সন্দেহ করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কৌশলে এলাকা থেকে সরে যায়। বুধবার বিকালে এলাকায় ফিরলে তাকে এলাকাবাসী ধরে গণধোলাই দিয়ে আটক রাখে।

নির্যাতনের ঘটনায় অভিযুক্ত জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মহি উদ্দিন মহিন বলেন, গরু চুরির অভিযোগে জয়নাল আবদীনকে ধরার পর স্থানীয়রা বিচার করার জন্য আমার দ্বারস্ত হয়। আমি ঘটনাস্থলে পৌঁছলে তাকে আহত অবস্থায় দেখতে পাই। তাকে জিজ্ঞাসা করলে সে চুরির কথা স্বীকার করে। সে এবং তার পরিবার গরুর মুল্য পরিশোধ করতে রাজি হলে তাকে পুলিশে না দিয়ে স্টাম্পে টাকা পরিশোধের অঙ্গিকারনামায় স্বাক্ষর নিয়ে গরু মালিক ও এলাকাবাসীকে শান্ত করি।

তিনি আরও বলেন, তাকে আমি কোন প্রকার নির্যাতন করিনি এবং বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ পুরোপুরি বানোয়াট।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম বলেন, জয়নালে দুই হাটুতে কাটা জখম এবং শরীরের একাধিক স্থানে ফোলা জখম রয়েছে। 

সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম বলেন, পুলিশ চুরির অভিযোগে মারধরের ঘটনার ব্যাপারে অবগত রয়েছে তবে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত