ডিফেন্ডার ম্যাগুইয়ারকে দলে টানতে রেকর্ড অর্থ ঢালছে ম্যানইউ

লেস্টার সিটির সেন্টার-ব্যাক হ্যারি ম্যাগুইয়ারকে দলে টানতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ব্যাপারে উভয় ক্লাব মতৈক্যে পৌঁছেছে বলে জানিয়েছে বিসিসি।

ম্যাগুইয়ারকে দলে টানতে ম্যানইউকে গুণতে হচ্ছে ৮ কোটি ইউরো! এটাই হবে কোনো ডিফেন্ডারের দল-বদলে রেকর্ড অর্থের লেন-দেন।

দল-বদলের চূড়ান্ত প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি সপ্তাহেই ইউনাইটেডে ২৬ বছর বয়সী ম্যাগুইয়ারের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

চলতি দল-বদলের মৌসুমে ম্যাগুইয়ার হলেন ম্যান ইউয়ে নাম লেখানো তৃতীয় খেলোয়াড়। গ্রীষ্মকালীন এই দল-বদলে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটিতে এরই মধ্যে নাম লিখেছেন ইংলিশ রাইট-ব্যাক অ্যারন ভ্যান ভিসাকা ও উইঙ্গার ড্যানিয়েল জেমস।

২০১৭ সালে হাল সিটি থেকে লেস্টারে পাড়ি জমান ম্যাগুইয়ার। এ পর্যন্ত ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন ৬৯টি ম্যাচ।

ম্যানইউয়ে নাম লেখানোর মধ্য দিয়ে ইংলিশ ডিফেন্ডার ম্যাগুইয়ারই হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার। এর আগে সবচেয়ে দামি ডিফেন্ডার ছিলেন লিভারপুলের ভার্জিল ফন ডাইক। ২০১৮ সালের জানুয়ারিতে ৭ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে অ্যানফিল্ডের ক্লাবটিতে নাম লেখান ডাচ এই সেন্টার-ব্যাক।

ম্যাগুইয়ারের প্রতি দীর্ঘ দিন ধরেই নজর ছিল ম্যানইউর। কিন্তু চড়া দামে তাকে কিনতে গিয়ে বেশ কয়েকবার পিছু হটে ক্লাবটি।