মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল শুক্রবার সকালে তিনি সস্ত্রীক গির্জা পরিদর্শনে যান। প্রথমে সেখানে ২০০১ সালে বোমা হামলায় নিহত ১০ জনের সমাধিতে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান মিলার। পরে নিহতদের শান্তির জন্য অংশ নেন বিশেষ প্রার্থনায়।
পরিদর্শন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত মিলার বলেন, ২০০১ সালে বানিয়ারচর গির্জায় যে বোমা হামলা হয়েছে, তার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে শোক প্রকাশ করছি। পরে তিনি শিশুদের পরিবেশিত মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান উপভোগ করেন। স্ত্রী মিচেল এডিলমেন, গির্জার ফাদার ফরেজা রোম রিকো গোমেজ, উপজেলা চেয়ারম্যান তাসলিমা আলি, ফাদার সঞ্জয় গোমেজ, ফাদার নাদারুচ গোমেচসহ বানিয়ারচর গির্জা ট্র্যাজেডিতে নিহতদের পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত ছিলেন।