সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা। ফেনীর সোনাগাজীতে প্রতিপক্ষ হত্যা করেছে মামলার বাদীকে। অন্যদিকে, শেরপুরের নকলা থেকে উদ্ধার করা হয়েছে শিশুর ভাসমান ও তরুণের ঝুলন্ত মরদেহ। খুলনায় পুকুরে পাওয়া গেছে তরুণের লাশ। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ
সিরাজগঞ্জ : শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরচিথুলিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে ভাতিজার লাঠির আঘাতে চাচা চাঁদ ফকির (৫০) নিহত হয়েছেন। চাঁদ ফকির ওই গ্রামের মৃত মোকছেদ ফকিরের ছেলে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মারপিটের সময় এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সাতজন আহত হয়েছে। এদের মধ্যে আলম ফকিরকে ভর্তি করা হয়েছে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, নিহত চাঁদ ফকিরের সঙ্গে চাচাত ভাই ও মৃত আসমত ফকিরের ছেলে রশিদ ফকিরের পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রশিদ ফকির ও তার ছেলেরা বিরোধপূর্ণ ওই জমিতে ঘর তুলতে গেলে চাঁদ ফকির, তার ভাই ও ছেলেরা বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে মারপিটের ঘটনায় আহত চাঁদ ফকিরকে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সোনাগাজী (ফেনী) : সোনাগাজীতে মামলা করার ৯ দিনের মধ্যে জামাল উদ্দিন (৫৫) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় তার ঘর ভাঙচুর করে স্বর্ণালঙ্কার এবং অন্তত দুই লাখ টাকা লুটে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের ছয় ভাইদের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এক মহিলাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও পরিবার জানায়, আলতাফ আলীর ছেলে সৌদি প্রবাসী জামাল উদ্দিনের সঙ্গে একই বাড়ির শাহ আলম গংয়ের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৪ জুলাই জামাল উদ্দিনের নির্মাণ শ্রমিকদের শাহ আলমের নেতৃত্বে ৮-১০ জন ভাড়াটে সন্ত্রাসী পিটিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় জামাল উদ্দিন সোনাগাজী মডেল থানায় মামলা করেন। এরই জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
শেরপুর : নকলায় ডোবার পানিতে ভাসমান অবস্থায় কুলসুম নামে দেড় বছর বয়সী এক শিশুর মরদেহ এবং সোহেল রাজবর (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কুলসুমের এবং সকাল সাড়ে ১০টার দিকে সোহেল রাজবরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
কুলসুম উপজেলার নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা এলাকার কিতাব উদ্দিনের মেয়ে। সোহেল রাজবর নকলা পৌর শহরের গ্রিন রোড এলাকার সংকর রাজবরের ছেলে।
খুলনা : নগরীর একটি পুকুর থেকে শেখ ওমর ফারুক সোহেলের (৩০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১টার নগরীর বয়রা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সরকারি মহিলা কলেজের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। সোহেল বয়রা মহিলা কলেজ মোড়ের মৃত শেখ লুৎফর রহমানের ছেলে। তিনি মহিলা কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন।