বগুড়ায় ১০০ টাকার জন্য প্রাণ গেল গৃহবধূর

১০০ টাকা নিয়ে ঝগড়াকে কেন্দ্র প্রাণ গেল বগুড়ার এক গৃহবধূর। চামেলী বেগম (৩২) নামের ওই গৃহবধূ বগুড়া শহরের নারুলী খন্দকারপাড়ার শ্রমিক রুবেল মিয়ার স্ত্রী। পুলিশের ধারণা, নির্যাতনের পর চামেলীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর আত্মগোপন করেছে রুবেল।

এলাকাবাসী জানায়, রুবেল বগুড়া শহরের রাজাবাজারে শ্রমিক হিসেবে কাজ করে। মাঝে মাঝেই সে রাতে মাদক সেবন করে বাড়ি ফিরে স্ত্রীকে মারপিট করত। গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে পকেট থেকে ১০০ টাকা তার স্ত্রী চুরি করেছে বলায় উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রুবেল তার স্ত্রীকে বেদম মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। পরে গতকাল শুক্রবার সকালে বাড়ির একটি পরিত্যক্ত ঘরে চামেলীর ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

বগুড়া সদর থানার ওসি রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধে চামেলীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। সকাল থেকে এলাকাবাসী রুবেলকে খুঁজে পায়নি।