পুরো শহরই ময়লার ভাগাড়

সারা দেশ যখন ডেঙ্গু থেকে রক্ষা পেতে ময়লা-আবর্জনা পরিষ্কারে ব্যস্ত। সে সময় নীলফামারীর পৌর শহরের ডাস্টবিনগুলো উপচে সড়কে জমেছে ময়লা-আবর্জনার বিলাশ স্তূপ। আবার পাড়া-মহল্লার ড্রেনগুলোয় আবর্জনা আটকে উপচে পড়ে রয়েছে সড়কে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের কারণে অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। পুরো শহরই যেন হয়ে উঠেছে ময়লার ভাগাড়।

গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নীলফামারী পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রধান সড়কসহ কিছু স্থানের আবর্জনা সরানো হলেও শহরের বেশির ভাগ পাড়া-মহল্লায় ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে। এসব আবর্জনার ওপর জন্ম নিয়েছে আম, জাম, লিচুসহ বিভিন্ন ধরনের গাছের চারা। নর্দমাগুলোতে জমে আছে পানি। নীলফামারী পৌর শহরের শাহীপাড়া মহল্লার বাসিন্দা ইউনুস আলী মুন্না (৪০) বলেন, ‘আমাদের বাড়ির পাশে পৌরসভার ডাস্টবিন প্রায় ২০ দিন ধরে পরিষ্কার না করায় উপচে আবর্জনা সড়কে জমেছে। নোংরা পরিবেশে চলাচল করতে হচ্ছে। এতে মশা-মাছির উপদ্রবও বেড়েছে।’

তবে নীলফামারী পৌরসভার জামাদার খায়রুল ইসলাম বলেন, ‘পৌরসভার উদ্যোগে ৩৬ জন দিনমজুর নিয়োগ করে গত ৩১ জুলাই থেকে শহরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। পাশাপাশি ড্রেনগুলোতে মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে।’

এ বিষয়ে মুঠোফোনে নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে থাকায় দিনমজুর নিয়োগ করে আবর্জনা পরিষ্কার ও মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। পাশাপাশি জনগণকে এ বিষয়ে সচেতন করা হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে গোটা পৌরসভা আবর্জনামুক্ত করা সম্ভব হবে।’