রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে ‘ঝুলন্ত অবস্থায়’ উদ্ধার হওয়া সুমাইয়া আক্তার মীম (১৫) নামের স্কুলছাত্রীকে মৃত ঘোষণা করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে অচেতন মীমকে ঢামেকে নেওয়া হয়েছিল। মায়ের দাবি, মিম আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আবদুল্লাহ খান।
মীমের মা নুরজাহান বেগম জানান, দুপুরে মীম হঠাৎ তার কক্ষের দরজা বন্ধ করে দেয়। এরপর অনেক ডাকাডাকি করলেও সে দরজা খোলেনি। অনেকক্ষণ পর দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, মীম ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলছে।