বার্নসের ব্যাটে অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে যাচ্ছে ইংল্যান্ড

ধীরস্থির ব্যাটিংয়ে শতকের দেখা পেয়েছেন ররি বার্নস। তার অসাধারণ ব্যাটিংয়ে বার্মিংহ্যাম টেস্টে প্রথম ইনিংসে লিড নিতে যাচ্ছে ইংল্যান্ড।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৮৪ রানের জবাবে চার উইকেটে ২৬৭ রানে শুক্রবারের খেলা শেষ করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে অজিদের থেকে স্বাগতিকরা মাত্র ১৭ রানে পিছিয়ে। হাতে আছে ছয় উইকেট। এর মধ্যে বার্নস ১২৫ ও বেন স্টোকস ৩৮ রান নিয়ে ব্যাট করছেন।

প্রথম দিনের বিনা উইকেটে ১০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। তবে জেসন রয় বেশিক্ষণ টেকেননি। জেমস প্যাটিনসনের হঠাৎ লাফিয়ে ওঠা বলে ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে (১০)। দ্বিতীয় উইকেটে অধিনায়ক জো রুটের সঙ্গে ১৩২ রানের বড় জুটি গড়েন বার্নস। রুট ১১৯ বলে ৫৭ রানে পিটার সিডলকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে এ জুটি।

এরপর জো ডেননি উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। বেশিক্ষণ টেকেননি জস বাটলার। তখন ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। একপ্রান্ত আগলে রাখা বার্নস পঞ্চম উইকেটে স্টোকসের সঙ্গে জুটি বেঁধে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। ৯৯ থেকে নাথান লায়নের বলে সিঙ্গেল নিয়ে ২২৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেন অষ্টম টেস্ট খেলতে নামা বাঁহাতি ওপেনার।

দিনের বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেননি বার্নস ও স্টোকস। দুজন ৭৩ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন।