অটোচালকের ওপর হামলা

আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি হল মোড়ে সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত অটো রিকশাচালক জাকারুল ইসলামের পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। গতকাল শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সন্ত্রাসী হামলার পর আবারও হামলাকারীরদের অব্যাহত হুমকিতে পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করে তারা।

আহত জাকারুলের চাচাতো ভাই আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে জানান, গত ১৭ জুলাই রানীহাটি বাজারের হল মোড়ে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে সামান্য তর্কাতর্কির একপর্যায়ে আওয়াল, আব্দুল আলিম, নাইমসহ ১২জন মিলে তার ভাইকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তিনি বলেন, ‘বর্তমানে চিকিৎসাধীন জাকারুল জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন’। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হামলার শিকার জাকারুল ইসলামের বাবা এসলাম ম-ল, দুই বোনসহ পরিবারের সদস্যরা। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিকদার মসিউর রহমান জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।