এ মাসেই তিস্তা নিয়ে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক

এ মাসেই তিস্তা বিষয়ে বাংলাদেশ ও ভারতের সচিব পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেছেন, ‘তিস্তার বিষয়ে দুই দেশই আগ্রহী। চলতি মাসেই দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হবে কীভাবে তিস্তা নদীকে সচল রাখা যায়। আশা করি বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই তিস্তা পানির সমস্যা সমাধান ঘটবে।’

গতকাল শনিবার দুপুরে নীলফামারীর ডালিয়ার অবসরের সম্মেলন কক্ষে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান সরকার পানিসম্পদের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। ডেল্টা প্লতান ২১০০ অনুযায়ী দেশের সব নদ-নদীসহ ৬৪ জেলার খালগুলো খনন করা হচ্ছে, যাতে বর্ষাকালের নদ-নদী ও খালগুলোতে পানি সংরক্ষণ করে সেচকার্য চালানো যায়। এসব প্রকল্প বাস্তবায়ন কাজ এখন চলমান।’