বায়ার্নকে হারিয়ে জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন ডর্টমুন্ড

বল দখল ও গোলের সুযোগ তৈরী করায় আধিপত্য দেখালেও বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জার্মান সুপার কাপে এক রাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বায়ার্ন মিউনিখকে।

শনিবার নিজেদের মাঠে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতাটির শিরোপা জেতে ডর্টমুন্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধেই দুটি গোল পায় দলটি।

ম্যাচর শুরু থেকেই বল দখলে ও আক্রমণে আধিপত্য দেখায় বায়ার্ন। গোলের উদ্দেশে ১৬টি শট নিয়েও গোলের দেখা পাননি দলটির খেলোয়াড়রা। ম্যাচের দ্বিতীয়ার্ধে স্রোতের বিপরীতে খেলা খেলে এগিয়ে যায় ডর্টমুন্ড।

৪৮তম মিনিটে জ্যাডন সানচোর পাসে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে ডর্টমুন্ডকে এগিয়ে নেন পাকো আলকাসের। ৬৯তম মিনিটে নিজেও গোলের দেখা পান ইংলিশ উইঙ্গার সানচো। ম্যাচের বাকি সময়ে বায়ার্ন মরিয়া হয়ে উঠলেও কোনো কাজ হয়নি।

বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ও জার্মান কাপ জয়ীর মধ্যে মৌসুমের শুরুতে এক ম্যাচের প্রতিযোগিতাটি হয়। তবে গত মৌসুমে বুন্ডেসলিগা ও কাপে বায়ার্ন চ্যাম্পিয়ন হওয়ায় লিগ রানার্সআপ হিসেবে সুপার কাপে সুযোগ পায় ডর্টমুন্ড।