ফরিদপুরের সদরপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল সালাম (৬০) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে সদরপুর থানা পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সদরপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর গ্রামের জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠানের শিক্ষক টিভি দেখার প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে একটি কক্ষে নিয়ে যায়। পরে ওই কক্ষের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে শিক্ষককে আটক করে।
পরে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারকে খবর দেয়। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে কন্যা শিশুটি উদ্ধার করে সদরপুর হাসপাতালে পাঠিয়ে দেয়।
এ ঘটনায় সদরপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান আব্দুল সালামকে আটক করেন।
এ বিষয়ে ওসি সৈদয় লুৎফর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। শিশুর আলামতের রিপোর্টের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল সালামের বিরুদ্ধে শিশুটির বাবা বাদী হয়ে সদরপুর থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন।