কোনো ধরনের মেকআপ ছাড়াই বলিউড তারকা দীপিকা পাড়ুকোন একটি ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হলেন। এর ছবি প্রকাশ হতেই বিস্ময়ের ঝড় উঠেছে অনলাইনে। প্রশংসা করছেন নায়িকার ভক্তরা।
জানা গেছে, ‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের আগস্ট সংখ্যার জন্য মেকআপ ছাড়াই ছবি তুলেছেন বলিউডের শীর্ষ নায়িকা।
সাময়িকীটির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কভার গার্ল হিসেবে দীপিকার ছবিটি প্রকাশ করা হয়। দীপিকা নিজেও ছবিটি শেয়ার করেন। জানান, মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। আর কোনো ধরনের ফিল্টার ব্যবহার হয়নি।
এদিকে প্রায় দেড় বছর পর বলিউডের জন্য মাস কয়েক আগে ক্যামেরার সামনে ফেরেন দীপিকা। অভিনয় করেন মেঘনা গুলজার পরিচালিত ‘ছাপাক’ সিনেমায়। এতে বাস্তব জীবনে অ্যাসিড আক্রান্ত তরুণী লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে অভিনয় করছেন তিনি। বিপরীতে আছেন বিক্রান্ত মেসি। দীপিকা প্রযোজিত ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের জানুয়ারিতে।
মাসখানেক আগে তিনি লন্ডনে যোগ দেন ‘৮৩’ ইউনিটে। ক্রিকেটার কপিল দেবের জীবনী নির্ভর এই ছবিতে স্বামী রণবীর সিং-এর বিপরীতে অভিনয় করছেন দীপিকা। সেখানে কপিল ও তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন এই জুটি। বিয়ের পর এই প্রথম তারা পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন। এর আগে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় পরপর তিনটি সিনেমায় জুটি হনে দীপিকা ও রণবীর।