জামালপুরের ইসলামপুর থেকে এক কৃষকের মাথা ও মেলান্দহ থেকে ওই কৃষকের দেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের চর চারিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে হাসেন আলী (৫২) নামে ওই কৃষকের মাথা ও সকালে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের কাঙ্গালকুশা কুমারবাড়ি ঘাট এলাকা থেকে তার দেহ উদ্ধার হয়।
নিহত হাসেন আলী ইসলামপুরের গোয়ালের চর ইউনিয়নের সবুকুড়া গ্রামের ইয়াজউদ্দিনের ছেলে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে গোয়ালের চর ইউনিয়নের চর চারিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদে হাসেন আলীর দেহবিহীন মাথা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মাথা উদ্ধার করে। নিহত হাসেন আলী শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন বলে তার পরিবারের বারাত দিয়ে জানান ওসি।
এদিকে সকালে মেলান্দহের কুমারবাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাসেন আলীর ছেলে সুন্দর আলী মাথা ও দেহটি তার বাবার বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।