রাজধানীর বাড্ডা সাতারকুল আলি নগরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আলেক মৃধা (৫৫) নামের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া বড় মগবাজারে বাসার ছাদ থেকে পড়ে তয়িফ (১৭) নামের এক মানসিক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৬টার দিকে সাতারকুল ও ৯টার দিকে বড় মগবাজার এ ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মৃত আলেক মৃধার ছেলে বাশার মৃধা জানান, বাড্ডা সাতারকুল আলিনগর গলির শেষ মাথায় একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তা কর্মী তার বাবা। সকালে ওই ভবনের সাত তলায় মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। অসাবধানতাবশত তখন তিনি নিচে পড়ে যান। পরে খবর পেয়ে তাকে হাসপাতাল নিয়ে আসা হয়।
নিহত তয়িফ এর চাচা টোটন হোসাইন জানান, বড় মগবাজার ২৪২ নম্বর বাসায় পরিবারের সাথে থাকত তয়িফ। সে মানসিক প্রতিবন্ধী। বাবার নাম সাইফুর রহমান। সকালে সে ছাদে হাঁটাহাঁটি করছিল। সেখান থেকে সে নিচে পড়ে যায়। পরে দেখতে পেয়ে তাকে হাসপাতাল নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দুজনের লা্শই ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।