রামগড়ে চার বাড়িতে ডাকাতি, আহত ৪

খাগড়াছড়ির রামগড়ে গভীর রাতে চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাধা দেওয়ায় ডাকাতের হামলায় আহত হয়েছেন একই পরিবারের চারজন। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে ৬-৭ সদস্যের ডাকাত দল রামগড় পৌরসভার বৈরাগীটিলার নুর ইসলামের বাড়ি ও কালাডেবা নুরুল আমীন মেম্বারের বাড়িতে প্রবেশে ব্যর্থ হয়ে কালাডেবা সিরাজ কোম্পানির বাড়িতে ঢুকে ৪২ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করার পর পাশের গ্রাম পূর্ব চৌধুরীপাড়া মফিজুর রহমানের বাড়ি থেকে ৪০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ সময় বাধা দিলে পরিবারের চারজনকে কুপিয়ে আহত করে ডাকাতরা। আহতরা হলেন মফিজুর রহমান (৫২), তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৪৫), ছেলে বেলাল হোসেন (২৭) ও ইমন হোসেন (১৭)। মফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে ফেনী সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

আহত বেলাল জানান, রাত আড়াইটার সময় ৬-৭ সদস্যের মুখোশ পরা ডাকাত দল ঘরের টিন কেটে প্রবেশ করে জিনিসপত্র লুট করার সময় আমার মা ও বাবাকে মারধর করতে থাকে। এ সময় এক ডাকাতকে ধরে ফেললে অন্যরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছাড়িয়ে নেয়।

খবর পেয়ে রাতেই রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ, থানার ওসি তারেক মো. আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া গতকাল রবিবার সকালে খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপারের পদোন্নতিপ্রাপ্ত) এম এম সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

রামগড় থানার ওসি তারেক মো. আবদুল হান্নান ডাকাতির সত্যতা স্বীকার করেছেন।