ফেরিতে স্কুলছাত্রের মৃত্যু: তদন্ত কমিটির কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শন

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে স্কুলছাত্র তিতাস ঘোষের (১৩) মৃত্যুর ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সাথে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন তারা।

রবিবার দুপুরে কাঁঠালবাড়ি ১নং ফেরিঘাট আসেন মন্ত্রী পরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আব্দুস সাত্তার শেখ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব তোফায়েল আহমেদ।

কাঁঠালবাড়ি ১নং ফেরিঘাট এসে প্রথমে তারা ঘটনাস্থল ঘুরে দেখেন। এ সময় ফেরিঘাট এলাকায় স্থানীয় দোকানদার, ঘটনার রাতে ঘাট এলাকায় কর্তব্যরত বিআইডব্লিটিসির কর্মকর্তা ও কর্মচারীদের বক্তব্য শোনেন কমিটির সদস্যরা। পাশাপাশি টেলিভিশন ও পত্রিকায় প্রকাশিত সংবাদকর্মীদেরও সাক্ষ্য নেন তদন্ত কমিটি সদস্যরা।

এর আগে নড়াইলের নিহত তিতাস ঘোষের পরিবারের সদস্যদের কাছ গিয়ে তাদের বক্তব্য নেন মন্ত্রী পরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি।

উল্লেখ্য, গত ২৫ জুলাই রাতে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কর্মকর্তা যুগ্ম-সচিব আবদুস সবুর এর জন্য ফেরি ছাড়তে দেরি হওয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অ্যাম্বুলেন্স যাত্রী স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর অভিযোগ উঠে। এ ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করে সরকারের বিভিন্ন দপ্তর।