ঘোষণার দুই ঘণ্টা পর চট্টগ্রাম বাস মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার

ধর্মঘটের ঘোষণা দেওয়ার দুই ঘণ্টার পর চট্টগ্রাম থেকে বাস না ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মালিকরা। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর বাস মালিকরা তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।

বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত রোববার অভিযান চালিয়ে ঈদ উপলক্ষে ‘বাড়তি ভাড়া’ নেওয়ায় কয়েকটি বাস কোম্পানিকে জরিমানা করার পর চট্টগ্রাম থেকে ঢাকাসহ সব রুটের বাস বন্ধের ঘোষণা দিয়েছিলেন মালিকরা।

রাত ৯টার দিকে আন্তঃজেলা বাস মালিক সমিতির সভায় এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। এরপরে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সঙ্গে বৈঠকে বসেন সমিতির নেতারা। বৈঠক শেষে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন।

বিআরটিএর ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক দুপুরে নগরীর বিআরটিসি মোড়ে অভিযান চালিয়ে ‘বাড়তি ভাড়া নেওয়ায়’ হানিফ পরিবহনের কাউন্টার পরিচালককে ২০ হাজার টাকা জরিমানা করেন।

পরে চট্টগ্রামের অলংকার মোড় ও ভাটিয়ারির দূরপাল্লার বাসগুলোতেও অভিযান চালানো হয়। একই অপরাধে অপর দুটি পরিবহন প্রতিষ্ঠানকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভাটিয়ারিতেও দূরপাল্লার বিভিন্ন গন্তব্যে বাসের টিকিটের দাম বেশি রাখার অভিযোগ পাওয়া যায়। যশোরের টিকিটে বাড়তি ভাড়া নেওয়ায় সিডিএম ট্রাভেলস নামের একটি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে অলংকার এলাকায় নাটোরগামী বাসের টিকিটের দাম বেশি রাখায় নাভিলা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।