আরেকটি বিদেশি ট্যাংকার আটক করেছে ইরান

ইরানের বিপ্লবী গার্ডের সদস্যরা তেল পাচারের অভিযোগে আরও একটি বিদেশি ট্যাংকার আটক করেছে বলে জানিয়েছে বিবিসি।

ট্যাংকারের সঙ্গে এর সাত নাবিককেও আটক করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কোনো একটি আরব দেশে তেল পাচারের চেষ্টা করছিল ট্যাংকারটি। তবে আরবের কোন দেশে তেল পাচার করা হচ্ছিল সে বিষয়ে কিছু জানানো হয়নি। গত মাসে ব্রিটিশ পতাকাবাহী আরেকটি ট্যাংকার আটক করেছিল ইরান।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলার মধ্যে জুলাইতে উপসাগরীয় এলাকা থেকে ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার স্টেনা ইম্পারো আটক করে ইরান। ওই সময়ে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই জাহাজ পরিবহন রুট হরমুজ প্রণালিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়, ইরানের একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগার পর ব্রিটিশ ট্যাংকারটি আটক করা হয়। পরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, আটকের সময় তাদের জাহাজটি ওমানের জলসীমায় ছিল। তবে নতুন করে আটক করা ট্যাংকার কোন দেশের নামে নিবন্ধিত তা জানা যায়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ডের নৌ-সদস্যরা পারস্য উপসাগর থেকে বিদেশি একটি জাহাজ আটক করেছে। ওই ট্যাংকারটিতে সাত লাখ লিটার তেল পরিবহন করা হচ্ছিল বলে জানানো হয়েছে।