বরিশালে জেলা পর্যায়ে প্রথমবারের মতো ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমের (ইটিপিএফএস) উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা পুলিশ লাইনসে বেলুন-ফেস্টুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশের রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।
পরে পুলিশ কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কর্মশালা হয়। এতে বরিশাল জেলার আওতাধীন ১০টি থানার ওসি ও পরিদর্শক, ট্রাফিক পরিদর্শক, সার্জেন্ট এবং এসআইদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি শফিকুল ইসলাম বলেন, দেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। সরকারি সংস্থা হিসেবে পুলিশেও ডিজিটালাইজেশন হচ্ছে। তারই একটি অংশ বরিশালে ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম। এর মধ্য দিয়ে জনগণের কোনো ভোগান্তি থাকবে না।
আজ বরিশাল মহানগর এলাকায় ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করবেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবউদ্দিন খান।