নির্বাচন কমিশনের সভায় দেওয়া বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়ে অধিকার খর্বের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে ইউও (আন-অফিশিয়াল) নোট পাঠিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। এতে তিনি বলেছেন, কাঞ্চন পৌর নির্বাচন নিয়ে সভার কার্যবিবরণীতে তার বক্তব্য বাদ দেওয়ার বিষয়টি আইনসিদ্ধ হয়নি। এ ঘটনায় কমিশনে একটি বাজে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। গত বৃহস্পতিবার সিইসি ও কমিশন সচিবের কাছে নোটটি পাঠান ইসি মাহবুব। এদিকে এ বিষয়ে জানতে গতকাল রবিবার বিকেলে সচিব মো. আলমগীরের মোবাইলে ফোন দিয়ে তা বন্ধ পাওয়া যায়।
এর আগে বিভিন্ন সময়ে কমিশন সভায় নোট অব ডিসেন্ট দিয়ে আলোচনায় আসেন ইসি মাহবুব। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচন নিয়ে কমিশনের সভাটি হয়েছিল গত ২১ জুলাই। ইউও নোটে মাহবুব তালুকদার লিখেছেন, ‘নির্বাচন কমিশনার হিসেবে আমার বক্তব্য কার্যবিবরণীতে লিপিবদ্ধ না করার যদি কোনো সংগত কারণ থাকে, তা আমাকে অবহিত করা প্রয়োজন ছিল। ইতিপূর্বে কমিশন সভায় বক্তব্য পেশের জন্য আমাকে লিখিতভাবে অনুরোধ জানিয়েও পরে তা পেশ করতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশন সভায় আমার উপস্থাপিত বক্তব্য যদি কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে নির্বাচন কমিশন সভায় আমার উপস্থিতির কোনো আবশ্যকতা থাকে না। এই ঘটনায় নির্বাচন কমিশনে একটি বাজে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।’