মাদারীপুরে ডেঙ্গুজ্বরে যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে ডেঙ্গুজ্বরে অসুস্থ হয়ে রিপন হাওলাদার নামে এক যুবক মারা গেছেন। রবিবার রাত পৌনে ১২টার দিকে শিবচর হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

রিপন ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

মাদারীপুরে সিভিল সার্জন শফিকুল ইসলাম জানান, গত ৩ আগস্ট শনিবার জ্বর নিয়ে শিবচর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন সন্নাসীরচর ইউনিয়নের হাবিব হাওলাদারের ছেলে রিপন হাওলাদার। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন।

এর আগে ঢাকায় বসেই জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। শিবচরে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু নিশ্চিত হলে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হতে বলেন। কিন্তু তিনি ভর্তি না হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

গতকাল রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে একটি ইজিবাইকে করে শিবচর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।