ঝিনাইদহে সদরে ব্যবসায়ী জামিরুল ইসলাম হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলি ও ছিনাইতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় আজিজুল ইসলাম ও নাসির উদ্দিন নামে দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জেলার চুয়াডাঙ্গার নবীনগর গ্রামের মৃত সামাদ মালিথার ছেলে নাসির উদ্দিন (৩৮) ও ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে আজিজুল ইসলাম (৫০।
রোববার রাতে জেলার চুয়াডাঙ্গার নবীনগর গ্রামের নাসির উদ্দিনের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। একই রাতে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাদীখালি গ্রামের আজিজুল ইলামের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৯ এপ্রিল রাতে ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামে জামিরুলকে গুলি করে হত্যা করা হয়। পরদিন নিহতের মামা মোশাররফ হোসেন মুছা অজ্ঞাতদের আসামি করে ঝিনাইদহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে এ ঘটনার মূল পরিকল্পনাকারী গোলাপ মেম্বারসহ ৬ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে নাজিম, গোলাপ ও আনারুল ইসলাম আদালতে হত্যার দায় স্বীকার করেছে।