যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটন জেলার হামলাকারী গুলি চালিয়ে নিজের বোনকেও হত্যা করেছে। নিহত ৯ জনের মধ্যে চারজন নারী এবং পাঁচজন পুরুষ। তাদের বয়স ২২ থেকে ৫৭ বছরের মধ্যে।
সিএনএন জানিয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়েটি হামলাকারীর বোন।
টেক্সাসের দোকানে হামলার ১৩ ঘণ্টার মাথায় স্থানীয় সময় রাত ১টার দিকে ডেটনে একটি পানশালার বাইরে ওই হামলাটি করা হয়।
হামলার এক মিনিটের মধ্যে পুলিশ আক্রমণকারীকে মেরে ফেলতে সক্ষম হয়। ওই সময় নির্ধারিত টহলে ছিলেন তারা।
ডেটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ লেফটেন্যান্ট কর্নেল ম্যাট কারপার জানান, ঘটনার পরপরই টহল পুলিশের সদস্যরা দ্রুততম সময়ে বন্দুকধারীকে হত্যা করতে সক্ষম হয়। পুলিশের এমন সাফল্যকে তিনি ‘নায়কোচিত’ বলে আখ্যা দিয়েছেন।
হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো ধারণা পায়নি পুলিশ। পুলিশের পাশাপাশি এফবিআই কর্মকর্তারাও তদন্তে নেমেছেন।