অপহৃত ব্যবসায়ী উদ্ধার গ্রেপ্তার ৫

নরসিংদীর মনোহরদীতে মিলন খান (৫০) নামে এক অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ও ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার আড়াল গ্রামের আলম শেখের নির্জন বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

দুপুরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। গ্রেপ্তাররা হলো হাতিরদিয়ার কোচেরচর এলাকার আলম শেখ (৪৫), মনোহরদীর সল্লাবাইদ এলাকার আরিফ (২৫), টিপু, (২০) সাইফুল (২৭) ও কাদির (২৫)।

মনোহরদী থানা পুলিশ জানায়, ব্যবসায়ী মিলন খানের সঙ্গে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামের আজম সরকারের সঙ্গে জমি ক্রয়-বিক্রয়ের লেনদেন নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই মধ্যে আজম সরকার উক্ত জায়গায় দ্বিতীয় তলার ছাদের কাজ শেষ করে তৃতীয় তলার কাজ করছিলেন। কিন্তু লেনদেন শেষ হয়নি। এ নিয়ে উভয়ের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে আজম সরকারের লোকজন একটি মাইক্রোবাসযোগে এসে মিলন মিয়াকে অপহরণ করে নিয়ে যায়।

মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণের ৫ ঘণ্টার মধ্যে অপহৃত মিলন খানকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।